গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার মধ্যরাতে। ফায়ান সার্ভিসের কর্মকর্তা জানান, মুলাইদ এলাকায় যাদু স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
মাওনা ফায়ার স্টেশনের পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, কারখানার একতলা ভবনে শুক্রবার রাত ১টার দিকে আগুন ধরে। কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় চেষ্টার পর ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ভালুকা, জয়দেবপুর ও মাওনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কেউ আহত হয়নি বলে তিনি জানান।
কারখানার ব্যবস্থাপক মো. তাজ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার রাত ১টার দিকে কারখানার ফাইবার প্ল্যান্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মাইক্রোডাস্টের মাধ্যমে তা মেশিনের তুলায় ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি, বলেন তিনি। বিডি নিউজ।
