বর্তমানে কম দামের উন্নত কনফিগারেশনের স্মার্টফোনই বাজার মাতিয়ে থাকে। সেজন্য তীব্র প্রতিযোগিতার মুখে স্মার্টফোন নির্মাতা প্রায় সব প্রতিষ্ঠানই তাদের ডিভাইসের দাম কমাতে বাধ্য হচ্ছে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীনা প্রতিষ্ঠানগুলো। হুয়াওয়ে ও শাওমির মতো চীনা স্মার্টফোন নির্মাতাদের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। এদিকে দামি ডিভাইসের বাজারে ক্রমেই দখল বাড়ছে মার্কিন কোম্পানি অ্যাপলের। এ কারণে অ্যাপল ও চীনা কোম্পানিগুলোর মধ্যে পড়ে স্যামসাংয়ের অবস্থা এখন খুব বেশি ভালো নেই।
এই অবস্থায় বাজারের শীর্ষস্থান ফিরে পেতে বাজেট হ্যান্ডসেটে গুরুত্ব দিচ্ছে স্যামসাং। আর এরই অংশ হিসেবে চীনের বাজারে গ্যালাক্সি সি৫ নামের সাশ্রয়ী এক ফোন এনেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য জায়ান্ট। এবার গ্যালাক্সি সি৭ নামের আরেকটি সাশ্রয়ী ফোন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ৬ জুন থেকে চীনের বাজারে মিলবে এই ফোন। তবে অন্যান্য দেশের বাজারে কবে আসবে তা জানা যায়নি।
গ্যালাক্সি সি৭ স্মার্টফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি স্ক্রিন। এতে আরও রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট ও অক্টা-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, সঙ্গে ৪ জিবি র্যাম থাকার দরুন যে কোনও বড় ফাইল, গেম খেলতে এই ফোনে বিন্দুমাত্র সমস্যা হবে না বলে দাবি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির।
সি৭ মডেলের ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ৮ এমপির। ফোনটি ৩২ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনে বাজারে মিলবে।
গোল্ড, পিঙ্ক গোল্ড, গ্রে ও সিলভার রঙে বাজারে আসবে ফোনটি। এতে আরও থাকবে ৩৩০০ এমএএইচ ব্যাটারি ও ফোর-জি এলটিই কানেক্টিভিটি।
গ্যালাক্সি সি৭-এর ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ ইয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা। গ্যালাক্সি সি৭-এর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০০ ইয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা।
