ওয়ার্নারের কল্যাণে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল নিশ্চিত করেছে মুস্তাফিজুর রহমানের হায়দ্রাবাদ সানরাইজার্স। মুস্তাফিজ বিহীন ম্যাচে ব্যাটে ঝড় তুলে দলের জয় নিশ্চিত করে ওয়ার্নার। তার সঙ্গী হিসেবে ছিল বিপুল শর্মা। প্রথমবারের মতো ফাইনালে উঠতে চার উইকেটে জিতেছে ওয়ার্নারের দল। আগামী রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শুক্রবার মাঠে নামার আগে মুস্তাফিজের ইনজুরিতে প্রথম ধাক্কা খায় হায়দ্রাবাদ। এরপর দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে তাদের বিপক্ষে ৭ উইকেটে ১৬২ রান করে গুজরাট।
মাঝাড়ি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানকে হারায় হায়দ্রাবাদ। এক প্রান্তে অবিচল ছিলেন ওয়ার্নার। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত সঙ্গীরা ফিরে যাওয়ায় চাপ ক্রমশ বাড়ছিল। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে ওয়ার্নার ছাড়া দুই অঙ্কে যান কেবল মোইজেস হেনরিকেস (১১)। নামান ওঝা, বিপুল শেষের দিকে কিছুটা সহায়তা দেন ওয়ার্নারকে।
শেষ চার ওভারে ৪৫ রান প্রয়োজন ছিল হায়দ্রাবাদের। ওয়ার্নার-বিপুলের ঝড়ে চার বল বাকি থাকতেই সেই রান করে ফেলে দলটি। ৯৩ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। ৫৮ বলে খেলা তার অধিনায়কোচিত ইনিংসটি ১১টি চার ও তিনটি ছক্কা সমৃদ্ধ। ২৭ রানে অপরাজিত থাকেন বিপুল। তার ১১ বলের কার্যকর ইনিংসটি গড়া তিনটি ছক্কায়।
এর আগে অ্যারন ফিঞ্চের অর্ধশতকে লড়াইয়ের পুঁজি গড়ে গুজরাট। ৩২ বলে খেলা ফিঞ্চের ৫০ রানের ইনিংসটি ৭টি চার ও দুটি ছক্কায় গড়া। ব্রেন্ডন ম্যাককালাম ৩২, দিনেশ কার্তিক ২৬ রান করেন। শেষের দিকে ডোয়াইন ব্রাভো (২০) ও রবিন্দ্র জাদেজা (১৯*) দুটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। তবে দিন শেষে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। বিডি নিউজ।
