আড়াইহাজারে নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ, ভোট স্থগিত

আপডেট : ২৮ মে ২০১৬, ১২:০০
আড়াইহাজারে ৪টি কেন্দ্রে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খাগকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শম্ভুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ মেম্বার প্রার্থীর মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
শনিবার সকাল ৯টার দিকে ওই কেন্দ্রের মেম্বার প্রার্থী জাকির (তালা) ও মোতালিবের (মুরগি) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শালমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী আলম ও আলাউদ্দিনের লোকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
 
হাইজাদী ৭নং ওয়ার্ডের সিংহদী মাদ্রাসা কেন্দ্রে ২ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের কারণে বর্তমানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। দুপক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। 
 
অন্যদিকে, সাতগ্রাম ইউনিয়নে রসুলপুর ও ছনপাড়া কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে।