দুঃসময়ের বৃত্তে লেনোভো

আপডেট : ২৮ মে ২০১৬, ১২:০৬
আকুল পাথারে পড়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো গ্রুপ লিমিটেড। গত আর্থিক বছরে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে প্রায় ৬০ শতাংশ। স্মার্টফোন ও সার্ভার ব্যবসার দিকে ঝুঁকেও প্রত্যাশামাফিক ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এই প্রতিষ্ঠান। ফলে হ্যাং সেং সূচকে এখন সবচেয়ে খারাপ অবস্থা চীনভিত্তিক এ প্রতিষ্ঠানের।
 
গত মাসে চতুর্থ প্রান্তিকের পরিসংখ্যান পাওয়ার আগেই লেনোভোর রেটিংয়ের মান কমে যাওয়ার আশঙ্কা করেন বিশ্লেষকরা। এর মধ্যে রেটিং হ্রাসের পাশাপাশি লেনোভোর পূর্বাভাসকৃত ১৫ শতাংশ লভ্যাংশ আয়ের ব্যাপারেও শঙ্কা প্রকাশ করেন এইচএসবিসি সিকিউরিটিজের বিশ্লেষক জেনি লাই।
 
অভিজাত স্মার্টফোন বাজার ধরার পরিকল্পনা থেকে ২০১৪ সালে মটোরোলা মবিলিটি অধিগ্রহণ করে লেনোভো। এতে খরচ হয় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। কিন্তু লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। প্রতিদ্বন্দ্বীরা ভালো করলেও শেয়ার হারাতে হয় লেনোভোকে।
 
এক পূর্বাভাসে লেনোভোর পক্ষ থেকে জানানো হয়েছে, চতুর্থ প্রান্তিকে বিক্রির পরিমাণ ৭ দশমিক ৬ শতাংশ কমে ১০ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়াবে। রাজস্ব আয়ের পরিমাণ আগের প্রান্তিক থেকে ৩৮ শতাংশ কমে ১৮৪ দশমিক ৯ মিলিয়ন ডলারে পৌঁছাবে।