বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নলবুনিয়ার বুড়িরজুমের আগা এলাকা থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কঙ্কালটি উদ্ধার করা হয়। বেশ কয়েকদিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে পাহাড়ি ঝিরিতে মৃতদেহ গুম করে বলে পুলিশ ধারণা করছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার কয়েকজন কাঠুরিয়া নলবুনিয়া ঝিরি এলাকার পাহাড়ে কাঠ কাটতে গিয়ে কঙ্কালটি দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন মজুমদারকে জানান। পরে চেয়ারম্যানের কাছে খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে কঙ্কালটি উদ্ধার করে।
লামা থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে কঙ্কালের পাশাপাশি একটি বোরকা, ওড়না ও মেয়েদের এক জোড়া জুতা পাওয়া গেছে। এসব দেখে কঙ্কালটি কোনো নারীর বলে মনে হচ্ছে।
