মুন্সীগঞ্জে সদরে ভোট চলাকালে কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত চারজন আহত হয়েছেন। এছাড়া গজারিয়ায় একটি কেন্দ্রে সশস্ত্র হামলা চালিয়ে ভোটার তালিকা ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরডুমুরিয়া কমিউনিটি সেন্টার ও মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং গজারিয়া উপজেলার ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টায় মোল্লাকান্দি ইউপির রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় কেন্দ্রের বাইরে বেশ কয়েকটা হাতবোমার বিস্ফোরণ ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে এক পুলিশ কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন।
বেলা সোয়া ১১টায় একই ইউপির আওয়ামী লীগ প্রার্থী চরডুমুরিয়া কমিউনিটি সেন্টার কেন্দ্র ও মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বেলা ১১টার দিকে সশস্ত্র একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে ভোটার তালিকা ও ব্যালট পেপার লুট করে নিয়ে যায়। ঐ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবদুল আলিম বলেন, ঐ কেন্দ্র থেকে ২২৬টি ব্যালট পেপার খোয়া গেছে। ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
