ভুরুঙ্গামারীতে পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার ৩

আপডেট : ২৮ মে ২০১৬, ১৫:২৭
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশের উপর হামলা এবং পুলিশ ভ্যান ভাঙচুরের অভিযোগে ৪৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে।
 
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার আন্ধারীঝাড়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে আজমল হোসেনের বাড়িতে দুই ব্যক্তিকে আটকিয়ে রাখা হয়। এ খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আজমলের নেতৃত্বে কয়েকজন তাদের উপর হামলা চালায়। হামলায় এএসআই শামসুল, কনেস্টেবল আমির হোসেন, বদিউজ্জামান ও গাড়ি চালক মোহাদ্দেছ আলী আহত হন। এ সময় উত্তেজিত জনতা পুলিশ ভ্যানটি ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুনির্দিষ্ট ২২ জন ও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে মামলা করে।
 
গ্রেফতার সাবেক ইউপি সদস্য আয়নাল হক মন্ডল (৬২), আব্দুল হালিম (৪২) ও রফিককে (৩৬) শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধেও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’