নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে না পারায় ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের নয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কোম্পানিগুলোর স্বাধীন ও মনোনীত পরিচালক ছাড়া অন্য সব পরিচালককে এ জরিমানা করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, মেঘনা শ্রিম্প ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৪ সালের ৩১ মার্চ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ ২০১৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় টিউলিপ ডেইরির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও একই সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় চিক টেক্সটাইলের সব পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট, রোজহ্যাভেন বলপেন, রাসপিট (আইএনসি) বাংলাদেশ, মিতা টেক্সটাইল ও মেটালেক্স করপোরেশনের সব পরিচালককে একই কারণে ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
