৭১৭টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন, গণনা চলছে

আপডেট : ২৮ মে ২০১৬, ১৯:২৮
 
 
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম দফায় দেশের ৪৪ জেলার ৭১৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে তিনটি ইউপির ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করায় ৭১৭টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়।
 
শনিবার সকাল আটটায় শুরু হওয়া ভোট বিরতীহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে। এখন গণনা চলছে।
 
এই ধাপে দেশের ৪৪ জেলার ৮৬ উপজেলার ৭১৭ ইউপির ৭ হাজারেরও বেশি ভোট কেন্দ্রে ১ কোটি ১০ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। চেয়ারম্যান পদে ৩ হাজার ২৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী রয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা সবাই আওয়ামী লীগের। নির্বাচনে এক লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য ভোটগ্রহণের কাজে নিয়োজিত থাকবেন।
 
পঞ্চম ধাপের নির্বাচনে ১৫টি রাজনৈতিক দলের ১ হাজার ৭২৭ জন ও ১ হাজার ৫২২ জন লড়ছেন স্বতন্ত্র হিসেবে। ২টি ইউপিতে আওয়ামী লীগের কোন প্রার্থী নেই। বিএনপির প্রার্থী নেই ১শ’ ইউপিতে। দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ৭২৬ ইউপিতে, ৬২৯ ইউপিতে রয়েছে বিএনপির প্রার্থী। জাতীয় পার্টি ১৭৭টি, জাসদ ২১টি, বিকল্পধারা ২টি, ওয়ার্কার্স পার্টি ১৩টি, ইসলামী আন্দোলন ১২২টি, জেপি ২টি, ইসলামী ফ্রন্ট ১১টি, এলডিপি ৬টি, সিপিবি ৫টি, জেএসডি ১টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৬টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৭টি এবং অপর একটি দল ১ ইউপিতে প্রার্থী দিয়েছে।এর আগে তফসিল ঘোষণার পর নানা কারণে ১৪টি ইউপির ভোট স’গিত করা হয়।

ছয় ধাপের এ ভোটের জন্য গত ১১ ফেব্রুয়য়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়। ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।