ইউপি নির্বাচন :পঞ্চম ধাপ

সংঘর্ষ গুলি :দুই প্রার্থীসহ প্রাণ গেল ৯ জনের

আপডেট : ২৯ মে ২০১৬, ০০:১২
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপেও হামলা-সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও চট্টগ্রামের পটিয়ার বড় উঠান ইউনিয়নে মেম্বার প্রার্থীসহ তিন জন নিহত হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নে সংঘর্ষে মারা গেছে তিন জন। নোয়াখালীতে ছাত্রলীগের এক কর্মীসহ দুই জন মারা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক।
 
বরাবরের মত এই ধাপেও  ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদান, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, অস্ত্রের মহড়া ও প্রার্থীদের ভোট বর্জনের ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে শতাধিক কেন্দ্রে। এর মধ্যে শুধু নোয়াখালীতেই ৮১ কেন্দ্র স্থগিত রাখা হয়েছে।
 
এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে ও সমর্থকদের হামলায় নির্বাহী ম্যাজিট্রেট, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশতাধিক সদস্য আহত হয়েছে। গতকাল গতকাল সারাদেশে ৪৫ টি জেলার ৭১৭ ইউনিয়নে একযোগে চলে এ ভোটগ্রহণ। আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
 
পটিয়া (চট্টগ্রাম) : নিহতরা হলেন : কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. ইয়াছিন (৪১), নুরুল ইসলাম ওরফে হোসেন (৫০) ও আশিয়া ইউনিয়নের বাবুল শীল (৫৭)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার সময় বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শাহমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিদারুল আলমের নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় মেম্বার প্রার্থী মো. ইয়াছিন (টিউভ ওয়েল) হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। একই সময় গুরুতর আহত হন রিকশা চালক নুরুল ইসলাম। চট্টগ্রাম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
 
আশিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে আসদ আলী মাজার ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাবুল শীল নিহত হন।
 
হাবিলাস দ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফৌজুল কবির কুমারের মাইক্রোবাস থেকে দুটি এলজি ও ৬ রাউন্ড গুলি এবং ১৩টি রড উদ্ধার করে পুলিশ। এসময় ফৌজুল কবির কুমার পালিয়ে যেতে সক্ষম হয়।
 
কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাজী ছাবের আহমদকে ব্যালটে সিল মারার সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
 
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দীন ও পুলিশ সুপার একেএম হাফিজ আকতার পটিয়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া সহিংসতা ও জালিয়াতির কারণে কচুয়াই সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জঙ্ঘলখাইন এয়াকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চরপাথরঘাটা প্রাথমিক বিদ্যালয় ও ইছানগর প্রাথমিক বিদ্যালয়ের ভোট বন্ধ রাখা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহিংসতায় প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়। তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালীকাপুর হাই স্কুল কেন্দ্রে আমওয়ামী লীগ সমর্থিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শাকিল (১৬) নামের ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়। চিকিত্সার জন্য ঢাকা নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে সে মারা যায়। তার চাচা হারুণ অভিযোগ করেন, পুলিশ এলোপাতাড়ি গুলি ছুড়লে শাকিল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে পুলিশ সুপার ইলিয়াছ শরিফ বলেন, পুলিশের গুলিতে শাকিল মারা যায়নি।
 
এদিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ মাদ্রাসা কেন্দ্রের বাইরে আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করলে দৌড়ে পালানোর  সৈয়দ আহমেদ (৬৫) দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ী পাশ্ববর্তী আলাদি নগর।
 
সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর ভোট কেন্দ্রে হামলা চালালে পুলিশ বাধা দিলে হামলাকারীরা পুলিশের উপর গুলি ছুড়লে ও ইট পাটকেল নিক্ষেপ করলে ৬ জন পুলিশ সদস্য আহত হন। বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের একলাশপুর বাজারে কেন্দ্রে দখল নিয়ে আওয়ামীলীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধলে ভোট গ্রহণ স্থগিতের পর আওয়ামীলীগ সমর্থকরা মাইজদী- বেগমগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। বীজবাগ ইউনিয়নের জয় নগর হাই স্কুল কেন্দ্রে জামায়াতের কর্মীরা আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলমগীরের উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। প্রশাসন বাধ্য হয়ে বেগমগঞ্জে ৫৫টি ও সেনবাগে ২৬টি কেন্দ্রসহ মোট ৮১ টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে। 
 
চট্টগ্রাম অফিস
 
চার উপজেলায় ৪৭টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়ে প্রায় ১৫ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।বোয়ালখালী উপজেলায় বেশ কয়েকটি এলাকায় কেন্দ্র দখল ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সামান্য দূরে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছে।
 
চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ালপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আধ ঘন্টা পর প্রতিদ্বন্দ্বি দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভোটাররা কেন্দ্র থেকে চলে যায়। কড়লডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ায় আওয়?ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজনকে একটি ভোট কেন্দ্র থেকে আটক করে বিজিবি। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়। 
 
মুন্সীগঞ্জ : গজারিয়া উপজেলার ভাবেরচর ইউপির ভিটিকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর সমর্থকরা জোর করে কেন্দ্রে ঢুকে মূল ভোটার লিস্ট ও সিল ছিনতাই করে নিয়ে যায়। পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
 
সদর উপজেলার মোল্লাকান্দি ইউপির রাজারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলের চেষ্টা চলে। এসময় কেন্দ্রের বাইরে বৃষ্টির মত ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। কিছু পরেই ইউনিয়নটির চরডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয় ও মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় এবং বিকালে কমিউনিটি সেন্টার কেন্দ্র দখলের চেষ্টায় বৃষ্টির মত ককটেল হামলা চালায়।  এছাড়া গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয়ের দুই মেম্বারের ভোট দেয়াকে কেন্দ্রে করে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার হয়। দুপুরে মহাকালি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজুল ইসলাম বিরাজের বাড়িতে হামলা হয়। এদিকে আচরণবিধি লঙ্ঘন, জাল ভোটসহ নানা কারণে ২০ জনের জেল-জরিমানা হয়েছে।
 
সরিষাবাড়ী ( জামালপুর) : সরিষাবাড়ীর সাতপোয়া, ভাটারা, কামরাবাদ, ডোয়াইল, পোগদীঘা ও মহাদান  ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে শতাধিক নেতাকর্মী।
 
ডোয়াইল ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল আলম শহীদ, পোগলদিঘী ইউপির চেয়ারম্যান প্রার্থী ডা. শাহান শাহ ও ৪ নম্বর আওনা ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. সুরুজ্জামান ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
ভাঙ্গা (ফরিদপুর): ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দি কেন্দ্রে মেম্বার প্রার্থী বুলবুল আহম্মেদ ও জুলহাস মাতুব্বরের সমর্থকরা দুপুরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশের গুলি ও স্থানীয়দের দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়।
 
সিরাজগঞ্জ : আফানিয়া কেন্দ্রে জাল ভোট দেবার সময় সহকারী প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।  শাহজাদপুর উপজেলার খুকনী প্রাথমিক বিদ্যালয়ের ঝাউপাড়া কেন্দ্রে এজেন্টকে বের করে দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এই কেন্দ্রে ৩টি ব্যালট বাক্স ছিনতাই এর ঘটনা ঘটে। গালা কেন্দ্রে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যালট বাক্সসহ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। কেন্দ্রে ভোট স্থগিত ঘোষনা করা হয়।
 
লক্ষ্মীপুর: সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতাধিক ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে মো. সম্রাট ও জাবেদ গুলিবিদ্ধ হন। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন মুন্নাসহ ৮ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
 
এদিকে, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী, হাজিরপাড়াসহ কয়েকটি ইউনিয়নে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তার, আওয়ামীলীগ প্রার্থীর ব্যালটে প্রকাশ্যে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
কেন্দ্র দখল, জালভোট, এজেন্টদের মারধর করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চন্দ্রগঞ্জ, দত্তপাড়া. হাজিরপাড়া, চরশাহী, কুশাখালী ও ভবানীগঞ্জের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু, বেলাল হোসেন, মাছুম উদ্দিন তুহিন, স্বপন, আবুল কালাম আজাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
বরিশাল অফিস : ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেয়ার অভিযোগে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ডহরপাড়া ও রইরকাঠী তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়াও নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ারকে।
 
নরসিংদী : ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে শত শত ককটেল ও বোমা বিস্ফোরনের খবর পাওয়া গেছে। নরসিংদীর এসি ল্যান্ড মাসুদ কামাল পাঁচদোনার পাটুয়া কেন্দ্র থেকে ৫টি ককটেলসহ তিন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। কেন্দ্র দখল ও সীলমারার কারণে আমদিয়া ইউনয়িনে বিএনপি প্রার্থী আবু সিদ্দিক মিয়া, পাঁচদোনা ইউনিয়নে লাল মিয়া, নজরপুর ইউনিয়নে জালাল উদ্দিন সরকার দুপুরের দিকে নির্বাচন বর্জন করেছেন।  নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে ৭টি ভোট কেন্দ্রে।
 
হাজীপুর ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্রে ব্যাপক বোমাবাজীর ঘটনা ঘটেছে। পাইকারচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল কাদির বোমা হামলায় মারত্মক আহত হয়েছে। চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অলি মেম্বার নামে একজন মেম্বার পদপ্রার্থীকে তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থীরা কয়েক ঘন্টা আটক করে পরে ছেড়ে দেয়। এসময় তারা অলি মেম্বারের ১৫ জন সমর্থককে কুপিয়ে আহত করে।
 
বোমাবাজি অনিয়মের অভিযোগে পাইকারচর ইউনিয়নের বালাপুরেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বটেরকান্দী ফুরকানীয়া মাদ্রাসা ভোট কেন্দ্র, চিনিশপুরের রেডিয়েন্ট কিন্ডারগার্টেন ভোট কেন্দ্র, দগরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ভোট কেন্দ্র, পুরানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদি, আব্দুল্লাহকান্দী ও খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
 
 রাণীনগর (নওগাঁ) : কেন্দ্র দখল, ককটেল হামলা, পুলিশের গুলি বর্ষন ও বিক্ষিপ্ত সংঘর্ষে ৩ পুলিশসহ ১০ জন আহত হয়েছে। আল-আমিন দাখিল মাদ্রাসা, লোহাচুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : বিএনপি সমর্থিত দুই  চেয়ারম্যান ও বেশ কয়েকজন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। বৃষ্টি চলাকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট মারতে থাকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকার দলীয় চেয়াম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা। এদিকে মোগরাপাড়া ইউপির সোনারগাঁও মোহম্মদীয়া মাদ্রাসা কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই মাজহারুল ইসলাম মানিক মিয়া নামে এক ইউপি সদস্য প্রার্থীর উপর হামলা চালায় প্রতিদ্বন্দী প্রার্থীর কর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে প্রার্থীসহ ৭-৮ জন আহত হয়। বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের কর্মী সমর্থকরা সংঘাতে জড়িয়ে প্রায় অর্ধশতাধীক আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। দুপুরে নির্বাচন বর্জন করার ঘোষনা দেন বিএনপি সমর্থীত পিরোজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ও কাঁচপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক।
 
নাঙ্গলকোট (কুমিল্লা) : ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে জোর পূর্বক নৌকা প্রতীকে ভোট প্রদানসহ ব্যাপক অনিয়মের অভিযোগ এনে বিএনপি সমর্থিত ৩ প্রার্থীসহ ৪ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন- মৌকরা ইউপির বিএনপি সমর্থিত প্রার্থী কলিমুল্লাহ, ঢালুয়া ইউপির বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন এবং সাতবাড়িয়া ইউপির বিএনপি সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন দুলাল।
 
রামেরবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ ও কাদবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের ককটেল হামলায় উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট জামিরুল ইসলাম ও পুলিশসহ ১০ জন আহত হয়েছে।
 
জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে নির্বাচন চলাকালীন সময়ে দুপুর ১২টায়  সমধল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২মেম্বার প্রার্থী জামাল মিয়া ও রুবেল মিয়ার সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় মেম্বার প্রার্থী জামাল মিয়াসহ ১০জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্র ভর্তি করা হয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়া: পঞ্চম দফার ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সদর উপজেলার ৮ কেন্দ্রে সংঘর্ষে অন্ততঃ শতাধিক আহত হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিএনপি মনোনীত ৫ প্রার্থীসহ ৬ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
 
রাজশাহী অফিস: চারঘাটের নিমপাড়া ইউপির ভাটপাড়া ভোটকেন্দ্রে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষে ইটের আঘাতে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় ৩০ মিনিট ওই ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ছিল। এছাড়া চারঘাটের খর্দগোবিন্দপুর ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
 
হোমনা (কুমিল্লা) : সকাল সাড়ে নয়টার দিকে ঘারমোড়া ইউনিয়নের মধ্য মনিপুর গণশিক্ষা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবদুল করিমের সমর্থকেরা কেন্দ্র দখল করতে চাইলে বিএনপির প্রার্থী শাহজাহান মোল্লার সমর্থকেরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
 
জামালপুর : ইসলামপুর উপজেলায় নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  আক্রামুজ্জামান হীরুকে দু’বত্সরের জেল দিয়েছে জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আল আমীন।
 
কচুয়া (চাঁদপুর) : উপজেলায় নির্বাচনী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে । তিনটি কেন্দ্রে পুলিশ ১০ রাউন্ড গুলিবর্ষন করে। বিশৃংখলা ও সংর্ঘষের ফলে  অন্তত ২০/২২টি কেন্দ্র সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হলেও পরবর্তীতে   পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটগ্রহণ হয়।  ৫ নম্বর সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রহমান ভুইয়া ও আব্দুস সামাদ আজাদের সমর্থকদের মধ্যে কেন্দ্র দখলে চেষ্টায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আব্দুস সামাদ আজাদকে অপর প্রার্থী মামুনুর রহমান ভুইয়ার সমর্থক, কাদলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাইন উদ্দিন মজুমদারকে, গুলবাহার কেন্দ্র থেকে পাথৈর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামকে মারধর করে বের করে দেওয়ার  অভিযোগ পাওয়া গেছে।
 
সহদেবপুর ইউনিয়নের তুলপাই কেন্দ্রে  আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সামসুদ্দিন মুন্সির সমর্থকরা ব্যালট ছিনিয়ে নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশে ১৪০টি ব্যালট পেপার বাতিল করা হয়।
 
এদিকে সকাল ১০টায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুল হক শাহজী ভোট বর্জনের ঘোষনা দেন।
 
মুক্তাগাছা (ময়মনসিংহ) : ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়ন ও দুল্লা ইউনিয়ন থেকে পুলিশ তিন জনকে আটক করেছে। বিকালে ঝনকা কেন্দ্র থেকে দুই জনকে আটক করেছে।
 
যশোর অফিস : অভয়নগরেপ্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ব্যালট পেপার ছিনতাই চেষ্টার অভিযোগে দুই যুবককে কারাদ্ল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। তারা একটি ব্যালট বইয়ের মুড়ি অংশ ও সিল ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কেশবপুর সদর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আলাউদ্দিন আলার গাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
মির্জাপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে কেন্দ্র দখল ও জাল ভোটের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে।