গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় রবিবার ভোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আহত হন। হতাহতদের পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, নাওজোর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। আজ ভোর সাড়ে চারটার দিকে অপর একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে পেছনের ট্রাকের সহকারী (২০) নিহত ও চালক আহত হন। তাদের নাম পরিচয় জানা যায়নি।
ওই ট্রাক সহকারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর আহত চালক পালিয়ে গেছেন।
