মোহাম্মদপুরে গৃহকর্মী হাসিনা খাতুন (১২) মৃত্যুর ঘটনায় পলাতক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্য রাতে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- গৃহকর্তা শরিফুল ইসলাম ও তার স্ত্রী রিজিয়া বেগম লিজা। গত ২০ মে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় হাসিনার মৃত্যু হয়।
মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর বলেন, নিহতের মা সালমা আক্তারের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার আদালতে হাজির করা হবে তাদের।
২০ মে বিকেলে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসিনাকে ভর্তি করান শরিফুল নিজেই। এরপর থেকেই মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসাটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যান শরিফুল ও তার স্ত্রী। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা, পোড়া ও আঘাতের চিহৃ দেখা যায়।
