উপকথা

আফ্রিকান লোককাহিনি গিরগিটি

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২০:০৪

 

অনেক দিন আগের কথা। স্বর্গের দেবতা এক দিন এক সভা ডাকেন। সভায় মানুষ, পশু-পাখি সবাই হাজির। দেবতা বললেন, ‘তোমরা মুক্ত। এখন থেকে পৃথিবীর সুন্দর সব জায়গায় বাস করতে পারবে। এখনই সবাই ভালো জায়গার নাম বলো।’

সবার আগে মানুষ বলল, ‘সবুজ মাঠ ঘেরা গ্রামই বেশি পছন্দ।’

তারপর পশুপাখির পালা।

‘থাকার সবচেয়ে সুন্দর জায়গা মাঠ।’

‘ঝোপঝাড়ই বেশি ভালো লাগে।’

‘বনই ভারি মজার জায়গা।’

মানুষ, পশুপাখি সবার থাকার জায়গা ঠিক হয়েছে। গিরগিটিই কেবল চুপ।

‘কোথায় থাকতে চাও, গিরগিটি?’ দেবতা শুধোয়।

‘সব জায়গাতেই থাকতে চাই।’ গিরগিটি নরম গলায় বলে।

‘বেশ, তাই হবে,’ দেবতার উত্তর। ‘সবাই চমত্কার জায়গায় বাড়ি বানাতে পারবে।’

সেই থেকে গ্রামে-শহরে মানুষের বাস। আর পশুপাখি মাঠঘাট, ঝোপঝাড় ও বনজঙ্গলে ঘুরে বেড়ায়। 

রং বদলে বহুরূপী গিরগিটিও আছে সব জায়গায়।

রূপান্তর : কুতুব আজাদ