নতুন স্মার্টফোন লিকুইড জেস্ট প্লাস উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক এসার। ডিভাইসটি বর্তমানে চীনের বাজারে পাওয়া যাচ্ছে।
৩১ মে শুরু হচ্ছে ‘কম্পিউটেক্স ২০১৬’। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের এই প্রদর্শনীকে সামনে রেখে নতুন স্মার্টফোনটি উন্মোচন করেছে এসার।
লিকুইড জেস্ট প্লাস-এর নির্ধারণ করা হয়েছে ১৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৬০০ টাকা।
এসার লিকুইড জেস্ট প্লাসে ৭২০–১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। এতে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম এবং ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে।
২ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যাবে।
ফোনটিতে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। স্মার্টফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা কুইক চার্জ প্রযুক্তি সমর্থন করবে।
লিকুইড জেস্ট প্লাস টুজি, থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্কের পাশাপাশি ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস সংযোগ সমর্থন করবে। এছাড়া ডিভাইসটি ইউএসবি ওটিজি (অন-দ্য-গো) প্রযুক্তি সমর্থন করবে। ফলে এর মাধ্যমে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে। এটি দুই রঙে বাজারে সরবরাহ করা হবে। সূত্র- টেক টাইমস।
