রাজশাহীতে পুলিশের পিকআপ ভ্যানকে একটি দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দিয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। রবিবার দুপুর একটার দিকে নগরীর ফায়ার সার্ভিসের মোড়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম (৩৫) ও কনস্টেবল শামসুল হককে (৪৫) ও বাঘা উপজেলার সাহাপুর গ্রামের আবুল কালাম মোল্লা (৪০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে বাঘা থানার ওসির পিকআপটি রাজশাহী থেকে বাঘায় ফিরে যাচ্ছিল। নগরীর ফায়ার সার্ভিসের মোড়ে একটি বেপরোয়া গতির মাইক্রোবাস পেছন থেকে পুলিশেরপিকআপকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ এবং পুলিশের পিকআপের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও মাইক্রোবাস জেলা পুলিশের হেফাজতে রয়েছে।
