গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছাত্র হত্যা মামলায় মা-মেয়ে গ্রেফতার হয়েছে। রবিবার উপজেলার উত্তর সীচা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তর সীচা গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী জোবেদা বেগম (৩৫) ও তার মেয়ে আনিছা বেগম (২৫)। উল্লেখ্য, গত শনিবার সকালে এলাকার রাজ্জাক ও আমির হোসেন নামের দুই সহপাঠী ক্রিকেট খেলার কথা বলে সীচা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে মাদ্রাসা ছাত্র লিটন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এরপর লিটন আর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় মোখলেছার, লাল চাঁন্দ ও মাহাবুরের বাঁশ ঝাড়ের ভিতরে লিটনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ওই দিনেই ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুই নারী মা-মেয়েকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
