প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে রবিবার ১ ঘণ্টা দোকান বন্ধ

আপডেট : ২৯ মে ২০১৬, ১৯:৪৯
দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে সোমবার সারাদেশে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রেখে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
 
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির নেতারা। এ সময় প্যাকেজ ভ্যাট বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
 
সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতি মহাসচিব মো. শাহ আলম খন্দকার বলেন, ক্ষুদ্র দোকান মালিকদের জন্য খুবই কষ্টসাধ্য হবে হিসাব করে বা ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মাধ্যমে ক্রেতার কাছ হতে ভ্যাট আদায় করা। এতে রাজস্ব আদায়ে যেমন ব্যাঘাত হবে তেমনি ব্যবসায়ীরা হয়রানির শিকার হবেন। তাই দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি জানাচ্ছি।
 
তিনি আরো বলেন, ২০১৩ সালে প্যাকেজ ভ্যাট প্রথা বাতিল করার প্রস্তাব সংসদে উপস্থাপন করা হলে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাজেটের উপর সমাপনী বক্তৃতায় প্যাকেজ প্রথা বহাল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কিন্তু দুঃখের বিষয় নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট প্রথা রাখা হয়নি। এসময় প্যাকেজ ভ্যাট বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামান করেন তিনি।
 
দোকান মালিক সমিতি চেয়ারম্যান এস এ কাদের কিরণ বলেন, আমাদের এখনো এমন কোনো অবকাঠামো গড়ে উঠেনি যে ইসিআর পদ্ধতির মাধ্যমে ভ্যাট দিব। মালিক নিজেই ব্যবসা চালায়। তাই ইসিআর পদ্ধতির ভ্যাট আদায়ের চিন্তা বাস্তবসম্মত না। যারা একদরে পণ্য বিক্রি করে তাদের জন্য হয়ত এই পদ্ধতি প্রযোজ্য হবে। কিন্তু দাম দরাদরি করে পণ্য বিক্রি করে তাদের ক্ষেত্রে এ পদ্ধতিতে ভ্যাট পরিশোধ করা সম্ভব না।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান আবুল কাশেম সরকার ও কামাল হোসেন প্রমুখ।