লক্ষ্মীপুরের রায়পুরে ফাতেমা ডেন্টালের আল-আমিন (২৭) নামে এক দন্তচিকিৎসককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে পারভিন ডেন্টালের আবে ইউসুফ ভাইয়া নামে অন্য এক দন্তচিকিৎসকের বিরুদ্ধে।
রবিবার রাতে পৌর শহরের প্রধান সড়কের পাশে আল-আমিনের চেম্বার থেকে রোগী দেখার নাম করে ডেকে নিয়ে ইউসুফের চেম্বারে আটক করে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে আল-আমিনকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আল-আমিন বলেন, কাছাকাছি চেম্বার হওয়ায় তার চেম্বারে রোগী বেশি থাকার কথা বলে ইউসুফ পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে তার চেম্বারের একটি কক্ষে বেঁধে তার ভাই সৌরভসহ ৩-৪জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
অভিযোগ অস্বীকার করে ইউসুফ বলেন, আমার একটি রোগীকে নিয়ে আল-আমিন তার চেম্বারে ভুল চিকিৎসা দিচ্ছিল। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, আল-আমিনকে পিটিয়ে আহতের ঘটনাটি পুলিশকে মৌখিক ভাবে অবহিত করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
