'জেডটিই অ্যাক্সন' স্মার্টফোনের নতুন সংস্করণ এনেছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা জেডটিই। 'জেডটিই অ্যাক্সন ৭' নামের এ ডিভাইস তথ্য সংরক্ষণ সুবিধার ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন তিন সংস্করণে পাওয়া যাবে।
চীনে উচ্চপ্রযুক্তির নতুন এ স্মার্টফোনের বাজারজাত শুরু হবে ২ জুন থেকে।
'জেডটিই অ্যাক্সন ৭'-এর ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার সংস্করণটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪২ ডলার। আর ফোনটির ৪ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার সংস্করণের মূল্য ধরা হয়েছে ৫০২ ডলার। এছাড়া ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার সংস্করণটি কিনতে খরচ পড়বে ৬২৫ ডলার।
স্মার্টফোনটিতে ১৪৪০–২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।
ফোনটিতে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো এবং কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশসহ ২০ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এতে আরও আছে ৩২৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ডিভাইসটি প্রাথমিকভাবে চীনের বাজারে ছাড়া হলেও অন্য বাজারগুলোয় ঠিক কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র- টেক টাইমস।
