গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত কাদের কাজীর ছেলে ভ্যান চালক ইলিয়াস কাজী (৪০) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে উপজেলাধীন কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জের মনোহর মার্কেটের কাছে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার সিতাইকুন্ডু গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে রাধাগঞ্জ থেকে তারা বাড়ির জন্য মালামাল কিনে সিতাইকুন্ডু গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ছেলে ইলিয়াস কাজী ভ্যান চালাচ্ছিলেন আর তার বাবা ভ্যানে বসে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ওই ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাদের কাজীকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।’
