গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় বাসে পেট্রলবোমা হামলার মামলায় জেলা বিএনপির সভাপতি আনিছুজামান খানকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে ঐ মামলায় গাইবান্ধার স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক রাশেদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, জেলা বিএনপির সভাপতি আনিছুজামান খান আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা জামিনের জন্য উচ্চ আদালতে যাব।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাত নয়টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে নাপু পরিবহনের একটি বাস পুলিশ পাহারায় ঢাকার পথে রওনা দেয়। বাসটি রাত সোয়া এগারটার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট পল্লীবিদ্যুত্ কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে দূবৃর্ত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে শিশুসহ আটজন নিহত এবং অন্তত ৪০ জন দগ্ধ হন।
এই ঘটনায় গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ও ২৮ থেকে ৩০ জনকে অজ্ঞাত দেখিয়ে ৭ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার এক বছর একমাস ১৯ দিন পর চলতি বছরের ২৫ মার্চ গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
