রংপুরে শিশু ছেলেকে হত্যা, মা ও সৎ বাবার ফাঁসি

আপডেট : ৩০ মে ২০১৬, ১৬:১৪
রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামে পাঁচ বছর বয়সী নিজ শিশু ছেলেকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মা ও সৎ বাবার ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
 
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।
 
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১১ এপ্রিল দুপুর দুইটায় শিশু বিশাল চন্দ্রকে তার মা আদুরী রাণী শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বাড়ির গোয়াল ঘরের মেঝেতে ছেলে শিশুটির মরদেহ পুতে রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
 
এ ঘটনায় পুলিশ আদুরী রাণী ও তার দ্বিতীয় স্বামী বিপিন চন্দ্রের নামে একটি হত্যা মামলা করে। একই বছরের ৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জসিট দাখিল করেন।