চাটমোহরে খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেট : ৩০ মে ২০১৬, ১৭:০০
পাবনার চাটমোহরে রঞ্জিত রোজারী (৩৫) নামে এক খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
 
গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার ফৈলজানা গ্রামে এ  ঘটনা ঘটে।
 
জানা গেছে, চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত রঞ্জিত রোজারিও ফৈলজানা গ্রামের মৃত জজ রোজারিওর ছেলে। পেশায় তিনি সার ব্যবাসয়ী।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মাস আগে একটি মেয়েলী ঘটনা নিয়ে উপজেলার নেংড়ী গ্রামের জনৈক বাদশা মিয়ার সঙ্গে রঞ্জিত রোজারিওর বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে বাদশা ও তার লোকজন রোববার রাতে রঞ্জিতের বাড়িতে হামলা চালায়। সেখানে রঞ্জিতকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বাদশা ও তার লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
 
চাটমোহর থানার ওসি সুব্রত সরকার জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।