বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়ে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন (ফিবা) অনূর্ধ্ব-১৮ (বালক) চ্যাম্পিয়নশীপের দক্ষিণ এশিয়া অঞ্চলের বাছাইপর্ব ঢাকায় শুরু হবে। বুধবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে। আগামী জুলাই এর (১৫-২৪) ওই প্রতিযোগিতাটি হবে ইরানে।
ঢাকায় এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে প্রাণ কনফেকশনারী লিমিটেড এর ট্রিট ডেইরি মিল্ক চকোলেট ও ফ্রুট ফিল গাম। আর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।
সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব লে. কমান্ডার এ কে সরকার (অব.), প্রাণ কনফেকশনারি লিমিটেডের হেড অফ মার্কেটিং এন্ড সেলস এ কে এম মঈনুল ইসলাম মঈন ও ব্র্যান্ড ম্যানেজার সাখাওয়াত আহামেদ এসময় উপস্থিত ছিলেন।
মঈনুল ইসলাম বলেন, বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রীড়াকে এগিয়ে নিতে প্রাণ এর চেষ্টা অব্যাহত থাকবে। বাস্কেটবলসহ বিভিন্ন খেলার সাথে সম্পৃক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
