বীজ প্রক্রিয়াকরণের সময় বিষক্রিয়ায় ২০ শ্রমিক অসুস্থ

আপডেট : ৩০ মে ২০১৬, ২০:৫১
পাবনা সদর উপজেলার টেবুনিয়া কৃষি খামারে ধান বীজ প্রক্রিয়াজাতকরণের সময় বিষক্রিয়ায় ২০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।
 
অসুস্থদের মধ্যে ১৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
অসুস্থ শ্রমিকরা জানান, দুপুরে ধান বীজ প্রক্রিয়াজাতের কাজ করছিলেন তারা। ধান বীজকে পোকার হাত থেকে রক্ষায় প্রক্রিয়াজাত করতে পোকানাশক ওষুধ স্প্রে করা হয়। প্রচণ্ড গরমে সেই ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ২০ জন শ্রমিক। তাদের মধ্যে ১৪ জনকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
অসুস্থ শ্রমিকরা হলেন-ফয়েজ উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, আব্দুল বারেক, মকবুল হোসেন, আব্দুল গফুর, ইসলাম প্রামাণিক, হাশেম আলী, নুরুল ইসলাম, কিয়াম আলী, মিন্টু হোসেন, আলম সরদার, হাবিবুর রহমান ও মজনু হোসেন। তাদের মধ্যে আব্দুস সাত্তার ও মজনু হোসেন নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎকরা।
 
বিএডিসি পাবনার যুগ্ম পরিচালক আব্দুল হালিম জানান, দুপুরে খামারে কাজ করার সময় প্রচণ্ড গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।