সদরপুরে আড়িয়াল খাঁ’র ভাঙন রোধে বাঁধের দাবি

আপডেট : ৩১ মে ২০১৬, ০৫:১০
 
ফরিদপুরের সদরপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত খরস্রোতা আড়িয়াল খাঁ নদে বর্ষা মৌসুমের পূর্বেই নদী ভাঙন শুরু হয়েছে। তাই স্থানীয়রা ভাঙন রোধে জরুরি বাঁধের দাবি জানিয়েছে।
 
উপজেলার ঢেউখালী ইউনিয়নের মসজিদঘাট এলাকায় আড়িয়াল খাঁর ভাঙনে ১০টি বাড়ি, মূল্যবান গাছপালা ও ফসলের মাঠ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পার্শ্ববতী প্রায় শতাধিক পরিবারের ঘর-বাড়ি ভাঙনের হুমকির মুখে রয়েছে।
 

জানা গেছে—গত পাঁচদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা-আড়িয়াল খাঁর চরাঞ্চলের নিম্ন এলাকার উঠতি আউশ ধান, বাদাম, তিলসহ বোনা আমন ধান তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় আড়িয়াল খাঁয় তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। চরনাছিরপুর, ঢেউখালী ও চরমানাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণ এখন নদী ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। এলাকাবাসী নদী ভাঙন রোধের পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।