ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি বাংলাদেশের অভিনেত্রী ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করছেন—এমন খবর গত ৩ দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে। কিন্তু তারা দু’জনই বলছেন এটা শুধুই গুঞ্জন। তারা খুবই ভালো বন্ধু, এর বাইরে অন্য কোনো সম্পর্কে জড়াতে চান না কেউই।
কয়েকদিন আগে কলকাতায় যান অভিনয়শিল্পী ও উপস্থাপক মিথিলা। সৃজিতের প্রযোজনায় একটি মিউজিক ভিডিওর শুটিং করতেই যান মিথিলা। এটি পরিচালনা করেছেন একলব্য চৌধুরী। শিল্পী অর্ণবও যুক্ত রয়েছেন এ প্রজেক্টটির সঙ্গে। পশ্চিমবঙ্গের রায়চে গানটির শুটিং হয়েছে। এতে কলকাতার ইন্দ্রাশিস রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যাবে। ভারতের এক সংবাদমাধ্যমের মতে, কাজ শেষে কলকাতা শহর মিথিলাকে ঘুরিয়ে দেখিয়েছেন সৃজিত। পার্টিতেও তাদের দেখা গেছে।
শুটিং শেষে মিথিলা ঢাকায় ফেরা মাত্রই বিয়ের খবর রটেছে। এ নিয়ে মিথিলা বলেন, ‘খবরটি সত্য না। বিষয়টি স্বাভাবিকও বটে, সৃজিত তো অ্যালিজেবল ব্যাচেলর। তার সঙ্গে কাউকে দেখা গেলে এমন কথা ছড়াবেই। এমনিতেই একসঙ্গে কাজ করতে গেলে এমন কথা ছড়াতেই পারে। মূলত এটা তো ওখানকার মিডিয়াই নিজেদের মনগড়া কাহিনি বানিয়ে ছড়িয়েছে। তারপর এখানকার মিডিয়া।’
বিভিন্ন সংবাদমাধ্যম এও খবর প্রকাশ করেছে, আগামীবছর তারা শুভক্ষণ দেখে বিয়ে করবেন। আর সূত্র হিসেবে সৃজিতের ঘনিষ্ঠদের কথা বলা হয়েছে প্রতিবেদনগুলোতে। কিন্তু দু’জনের সঙ্গে কথা বলে জানা গেল বিষয়টি পুরোটাই গুঞ্জন ও সবই মনগড়া সংবাদ।
তারা শুধুই বন্ধু, বিয়ের সম্ভাবনাও নেই—পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিলেন সৃজিত। তবে এই গুঞ্জনে একদমই বিরক্ত নন তিনি। সৃজিত বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করেছি সবাইকে নিয়েই গুঞ্জন ছড়িয়েছে। অভ্যস্ত হয়ে গেছি, আমি একদমই বিরক্ত হইনি। এটাকে আমি পেশাগত বিড়ম্বনা হিসেবে মেনে নিয়েছি। আমাকে নিয়ে এত ভিত্তিহীন খবর! তবে মাঝে মধ্যে কিছু সঠিক খবরও বেরিয়েছে। যেহেতু আমি ভবিষ্যত্ সম্পর্কে কিছু জানি না, তাই ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বলা মুশকিল। তবে মিথিলা আমার ভালো বন্ধু, তা নিয়ে কোনো সংশয় নেই।’ এর আগে বাংলাদেশের আরেক অভিনয়শিল্পী জয়া আহসানের সঙ্গেও পরিচালক সৃজিত মুখার্জির প্রেম নিয়ে নানা কথা শোনা গেছে। তারাও বিষয়টি বন্ধুত্বের দোহাই দিয়ে শেষ করেছিলেন।
