এক মোদীর এত রূপ!

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:০৭

 

নির্বাচনকে কেন্দ্র করে বেশ ভালোভাবেই প্রচারণা চালাচ্ছেন নরেন্দ্র মোদী। সেই কার্যক্রমের একটি অংশ ‘পিএম নরেন্দ্র মোদী’ নামের চলচ্চিত্রটি। আগামী ১২ এপ্রিল ভারতব্যাপী মুক্তি পাবে এটি। এই চলচ্চিত্রে মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এরইমধ্যে চলচ্চিত্রটিতে তার ক’টি লুক দেখা যাবে, তা প্রকাশ হয়েছে। এটা রীতিমতো চমক ছিল সবার জন্য।

ভারতের চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ টুইটারে ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে ৯ চেহারায় মোদীরূপে হাজির হয়েছেন বিবেক। চলচ্চিত্রটি নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি। ১৬ বছর আগে যখন কোম্পানি চলচ্চিত্র দিয়ে বলিউডে যাত্রা শুরু করি, এ ছবিটি করতে এসে ঠিক তেমনই অনুভূতি হয়েছে আমার। মোদী পৃথিবীর অন্যতম সেরা নেতা। তাকে তুলে ধরাটা আমাদের বড় চ্যালেঞ্জ।’

ছবিটিতে সাধারণ মানুষ নরেন্দ্র মোদীর অসাধারণ পথচলা তুলে ধরা হবে। ধারণা করা হচ্ছে, চা বিক্রেতা থেকে নরেন্দ্র মোদী কীভাবে খ্যাতিমান রাজনীতিবিদ ও ভারতের প্রধানমন্ত্রী হলেন সেই অবিশ্বাস্য গল্প নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। আর সেটারই ইঙ্গিত মিললো নতুন এ পোস্টারে। ছবিটি পরিচালনা করছেন ওমাঙ কুমার। নারী বক্সার মেরি কমের বায়োপিক ও পাকিস্তানে গৃহবন্দি থেকে মৃত্যুবরণ করা ভারতীয় চাষার জীবনের সত্যি ঘটনা নিয়ে সর্বজিত্ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন এই পরিচালক।