কেটি পেরির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

আপডেট : ৩১ মে ২০১৬, ১৩:৩৩
আমেরিকান শিল্পী-গীতিকার-অভিনেত্রী কেটি পেরির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ক্ষুদে ব্লগ লেখার সাইটটিতে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার রয়েছে পেরির, যা সংখ্যায় ৮৯ মিলিয়ন।
 
টেক ক্রাঞ্চের খবরে প্রকাশ, সোমবার কেটি পেরির অ্যাকাউন্ট হ্যাক করা হয়। হ্যাকের পর পরই আজেবাজে টুইট পোস্ট করা শুরু করে হ্যাকার।
 
সিনেটের খবর মতে, হ্যাকার পেরির অ্যাকাউন্ট থেকে টেইলর সুইফটকে উদ্দেশ্য করেও টুইট করে। তবে এতে বাজে বা অশ্লীল কিছু ছিলো না, বরং সুইফটকে মিস করার কথা বলা হয়েছে।
 
এক সময়ের ভালো বন্ধু টেইলর আর কেটি এখন তীব্র প্রতিদ্বন্দ্বী। দুজনের মধ্যে তাই তুলনাও চলে সব সময়। সাবেক প্রেমিক জন মেয়ারকে নিয়েই টেইলরের সঙ্গে মূলত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কেটি।
 
@sw@ylol নামের এক রোমানিয়ান টুইটার ব্যবহারকারী পেরির অ্যাকাউন্ট হ্যাক করেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
 
হ্যাকারের কবল থেকে পেরির অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিনেট। কখন বা কিভাবে উদ্ধার করা হয়েছে এ সম্পর্কে কিছু জানায়নি সাইটটি। তবে হ্যাকারের করা টুইটগুলো ডিলিট করা হয়েছে বলে উল্লেখ করেছে এই প্রযুক্তি বিষয়ক এ নিউজ পোর্টাল।