পুলিশের ওপর হামলার অভিযোগ

বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ৩১ মে ২০১৬, ১৪:৫৪
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশকে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 
 
এসআই আবুল খায়ের বাদী হয়ে বিএনপির আশিজন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুইশ জন নেতাকর্মীকে আসামি করে মঙ্গলবার (৩১ মে) কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন। 
অপরদিকে মামলা ও পুলিশি হয়রানির ভয়ে সোমবার রাত থেকেই গা ঢাকা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিকের বাসায় পুলিশ তল্লাশির নামে আসবাবপত্র ভাংচুর করেছে বলে তিনি অভিযোগ করেন। 
 
উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে আমরা শান্তিপূর্ণ শোক র‌্যালি বের করলে পুলিশ এতে তিনবার বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।
     
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,  সোমবার বিকেলে বেআইনি ভাবে বিএনপির নেতাকর্মীরা পৌর শহরে মিছিল বের করে। পুলিশ এতে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আটজন পুলিশ আহত হয়।