সাঁথিয়ায় ডাকাতদলের সঙ্গে বন্ধুকযুদ্ধে ছয় পুলিশ আহত, অস্ত্রসহ আটক ১

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:৫৩
পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশ ও ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বন্ধুকযুদ্ধকালে অস্ত্রসহ ডাকাত সর্দার মিঠুনকে আটক করা হয়েছে।
 
মঙ্গলবার উপজেলার করমজা ইউনিয়নের মহিষাকোলা গ্রামে পুলিশ এ অভিযান চালায়।
 
থানা পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার করমজা ইউনিয়নের মহিষাকোলা গ্রামের আন্তঃজেলা ডাকাত সর্দার মিঠুনকে (৪০) একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। মিঠুনের দেয়া তথ্য অনুসারে আরো অস্ত্র উদ্ধারে পুলিশ উপজেলার মহিষাকোলা গ্রামের সরোয়ারের পরিত্যক্ত বিল্ডিং রওনা হয়। বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছালে মিঠুনের সহযোগীরা টের পেয়ে পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাত মিঠুন পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি করে। আহত অবস্থায় তাকে বেড়া হাসপাতালে ভর্তি করানো হয়।
 
পুলিশ জানায়, এ ঘটনায় থানার ওসি নাসির উদ্দিন, এসআই খায়রুল ইসলাম, এসআই সুলতান মাহমুদ, এসআই জুয়েল রানা, পুলিশ সদস্য মুকুল হোসেন ও রফিকুল আহত হন। আহত পুলিশদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মিঠুন আন্তঃজেলা ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ আটটি মামলা রয়েছে।