তুরস্কের সিরনাক ও ভ্যান প্রদেশে দুটি বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। সোমবার এই দুটি বোমা হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
প্রথম হামলায় দেশটিতে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরা একটি ম্যানহোল কভারের নীচে বিস্ফোরক পেতে রাখে এবং পুলিশ বহনকারী একটি গাড়ি ও ম্যানহোলের ওপর দিয়ে যাওয়ার সময় দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে চারজন নিহত ও ১৯ জন আহত হন।
ভ্যান প্রদেশে পিকেকে বিদ্রোহীদের বোমা হামলায় আরো দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হন। এখানেও দূরনিয়ন্ত্রণের মাধ্যমে পুলিশের একটি গাড়িকে লক্ষ করে হামলাটি চালানো হয়। সূত্র: আইএএনএস
