রংপুরে মহাসড়কে ধান ফেলে কৃষকদের বিক্ষোভ

আপডেট : ০১ জুন ২০১৬, ০০:১৯
ধানের ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়কে ধান ঢেলে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুরের কৃষকরা। গতকাল মঙ্গলবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে মহানগরীর সাতমাথা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে রংপুরের কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ  নেন। এ সময় মহাসড়কে বেশ কয়েক বস্তা ধান ফেলে দিয়ে সড়ক অবরোধ করা হয়।
 
পরে সেখানে বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য পলাশ কান্তি নাগ, কৃষক মজিবর রহমান প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হাটে   হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকারি উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ৯শ’ ২০ টাকা দরে ধান ক্রয় ও বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবি জানান।