সিরাজগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০১ জুন ২০১৬, ১২:৪০
সিরাজগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত পাঁচজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত জহরুল ইসলাম সলঙ্গা থানার জালশুকা গ্রামের মকরম আলীর ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
 
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
রায়গঞ্জ উপজেলার ষোলমাইল ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বুধবার ভোর রাতে উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের দাথিয়া ব্রিজের দক্ষিণ পাশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের কেবিনে থাকা অজ্ঞাত এক নারী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই হাবিবুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজার এলাকায় পিকাপ ভ্যান চাপায় জহরুল ইসলাম  নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।