ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১২ ঘণ্টার যানজটে চরম ভোগান্তিতে পড়েছে গাড়ি চালক ও যাত্রীরা।
মঙ্গলবার দিনগত রাত দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে সৃষ্ট যানজট বুধবার সকাল থেকে তীব্র আকার ধারণ করতে শুরু করে।
অপরদিকে মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুরছাপ, চান্দিনার কাঠেরপুল এলাকায় এক পাশ বন্ধ করে ফোর লেন সড়ক সংস্কার এবং ভোর থেকে বুড়িচং উপজেলাধীন নিমসার কাঁচা বাজারের কারণে যানজট দীর্ঘ হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দুইটা) ওই মহাসড়কে দাউদকান্দি ইলিয়টগঞ্জ থেকে নিমসার এলাকা পর্যন্ত কুমিল্লামুখী প্রায় ২০ কিলোমিটার এলাকায় বিক্ষিপ্ত যানজট চলছে। তবে অপর পাশে ধীর গতিতে চলছে ঢাকামুখী যানবাহন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির (সার্জেন্ট) মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম একযোগে কাজ করছে।
