ভারতকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিল পিসিবি

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নির্দেশই মেনে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্ষতিপূরণ বাবদ বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) তারা ১.৬ মিলিয়ন ডলার দিয়েছে।

আট বছরে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার চুক্তি আগে করেছিল ভারত ও পাকিস্তান। কিন্তু রাজনৈতিক রেষারেষির কারণে কোনো সিরিজ আদৌ আর আয়োজিত হয়নি। ভবিষ্যতেও আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে।

এর জন্য আইসিসির কাছে নালিশ করেছিল পিসিবি। তবে, এই নালিশের প্রেক্ষিতে বিসিসিআই রীতিমত আদালতের দ্বারস্থ হয়ে প্রমাণ করে ছাড়ে যে, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার কারণেই পাকিস্তানের বিপক্ষে কোনো সিরিজ খেলতে পারেনি ভারত। তাই প্রমাণ হওয়ায় বিপাকে পড়ে পাকিস্তান, যার কারণে তাদেরকেই আসলে বড় অংকের ক্ষতিপূরণ দিতে হলো বিসিসিআইকে।

এই খবরটির সত্যতা স্বীকার করেছেন স্বয়ং পিসিবি সভাপতি এহসান মানি। তিনি আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে মামলায় নিজেদের হার নিশ্চিত করে বলেন, ‘আর্থিক ক্ষতিপূরণ মামলায় আমাদের ২.২ মিলিয়ন ডলার খরচ হয়েছে।’ এর মধ্যে বিসিসিআইকে ক্ষতিপূরণ বাবদ দিতে হয়েছে ১.৬ মিলিয়ন ডলার। আর বাকিটা খরচ হয়েছে মামলা চালানো ও ভ্রমণের ব্যয় বহন করতে।