শ্রীলঙ্কা ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে থাকছেন না দলের অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। এসময় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলবে লঙ্কানরা।
তবে সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই ডাবলিনে আইরিশদের বিপক্ষে দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে লঙ্কানরা। এরপরই পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে ইংলিশদের মুখোমুখি হবে।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। লর্ডসে মান বাঁচানোর লড়াইয়ে আগামী ৯ জুন তৃতীয় টেস্টে মাঠে নামবেন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।
দিলশানের অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য একটা বড় ধাক্কাই বটে! সীমিত ওভারের ক্রিকেটে লঙ্কানদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। ওয়ানডেতে ২০১৫ সালে ব্যাট হাতে ১২০৭ রান করেছিলেন তিনি। গড় ৫২.৪৭। যা বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দিলশানকে তৃতীয় স্থানে নিয়ে যায়।
সীমিত ওভারের সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি এসএলসি।
