ফেনীতে প্রায় ১৯ বছর আগে ছাত্রলীগ নেতা বিমল চন্দ্র হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— নোমান ওরফে আবদুল নোমান, মোশারফ হোসেন প্রকাশ জসিম, খোরশেদ আলম ওরফে খুরশিদ, আবদুল মোতালেব ওরফে সবুজ, জসিম উদ্দিন (বলি), জহীর ও সবুজ।
এদের মধ্যে নোমান, জসিম উদ্দিন, আবদুল মোতালেব, সবুজ, জহীরকে অন্য একটি ধারায় সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা একসঙ্গে দুটি সাজা ভোগ করবে।
যাবজ্জীবন প্রাপ্তদের দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর সাত বছরের কারাদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাস কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং সবাই পলাতক রয়েছেন বলে জানান এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক।
