অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন রাসিক মেয়র বুলবুল

আপডেট : ০১ জুন ২০১৬, ২০:০৪
অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
 
বুধবার বিকাল ৪টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
 
রাসিক মেয়রের মুক্তির বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, সাময়িক বরখাস্তকৃত রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সর্বশেষ দুটি মামলার জামিনের আদেশ গত বৃহস্পতিবার বিকেলে কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। কিন্তু ওই দিন সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে তাকে মুক্তি না দেয়ার জন্য পৃথক আরেকটি চিঠি আসে। চিঠিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার মেয়র বুলবুলের জামিনের বিপক্ষে আদালতে আপিল করা হয়েছে। যার শুনানি প্রথমে রোববার এবং পরে সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই আপিলের শুনানি বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে বুলবুলের পক্ষে রায় হয়েছে। ফলে তাকে মুক্তি দিতে কোনো বাধা না থাকায় তাকে মুক্তি দেয়া হয়েছে।
 
এদিকে মুক্তির পরই মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সরাসরি নগরীর হেতেম খাঁ গোরস্থানে গিয়ে বাবা-মার কবর জিয়ারত করেন। পরে তিনি বাসভবনে চলে যান।
জানা গেছে, মেয়র বুলবুলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৯টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ১৭টিতেই তিনি বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। সর্বশষ গত ২৫ মে হাইকোট থেকে অবশিষ্ট দুটি মামলায় জামিন পান তিনি।