রাজধানীর মুগদার মান্ডা এলাকায় এক প্রবাসীকে কুপিয়ে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বিপ্লব হোসেন জানান, তিনি সংযুক্ত আরব আমিরাতে চাকরি করেন। তার মা তাসলিমা আক্তার ক্যান্সারে আক্রান্ত। এ কারণে চার মাস আগে তিনি ঢাকার দোহারে তার গ্রামের বাড়িতে ফেরেন। বর্তমানে ঢামেক হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় মেডিসিন ওয়ার্ডে তার মায়ের চিকিত্সা চলছে। তাকে নিয়মিত রক্ত দিতে হয়। সকালে রক্তের জন্য বিপ্লব মান্ডা এলাকায় যান। সকাল ১০টার দিকে মান্ডার স্থানীয় একটি রেস্তোরাঁয় নাশতা করে বের হতেই তার ওপর হামলা চালায় মুরাদ নামে এক যুবকসহ তিনজন। তারা ধারালো অস্ত্র দিয়ে বিপ্লবকে কুপিয়ে সঙ্গে থাকা টাকা ও একটি ফোন নিয়ে যায়। এ সময় তার কাছে একটি আইফোন থাকলেও অজ্ঞাত কারণে তা নেয়নি দুর্বৃত্তরা। পরে আশেপাশের লোকজন বিপ্লবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মুগদা থানার ওসি এনামুল হক বলেন, ছিনতাইয়ের অভিযোগ তারা পেয়েছেন। এ ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেফতারে শুরু হয়েছে অভিযান। আহত বিপ্লব ছিনতাইকারীদের একজনকে কিভাবে চিনলেন তাও খোঁজ নেয়া হচ্ছে।
