মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়ায় বাসচাপায় হৃদয় হোসেন (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই উপজেলার হিজুলিয়া গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে নবীন সুপার মার্কেটের কসমেটিকস ব্যবসায়ী।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইয়ামিন-উদ-দৌলা জানান, বিকেলে নিজবাড়ি থেকে হৃদয় রিকশাযোগে মুশুরিয়া যাচ্ছিলেন। এ সময় পাটুরিয়াগামী জেআর পরিবহনের একটি বাস ওই রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
