উপজেলার লামা- চকরিয়া সড়কের মিরিঞ্জা নামক স্থানে অবৈধ পাথর পরিবহণকারী ট্রাক উল্টে ১ শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। এছাড়া নিখোঁজ রয়েছে আরও দুইজন। বুধবার সন্ধায় ভূ-পৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার ফুট উপরে মিরিঞ্জায় ট্রাক নিয়ন্ত্র হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ফাসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পাড়ার কামাল হোসেনের মেয়ে কাজল মনি(৬), ও চকরিয়া উপজেলার মানিকপুর ভিলেজার পাড়ার মৃত করম আলীর ছেলে মোক্তার আহমদ (৬০)।
আহতরা হলো- মো. বেলাল (৩৫), সাত্তার (৫৫), মো. মালেক (৪২)। আহতরা সবাই মিরিঞ্জা পাড়ার বাসিন্দা। ট্রাক ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, লামা থেকে অবৈধ পাথর নিয়ে চকরিয়াগামী ট্রাক (নরসিংদী-ড ০২-০০৩৬) মিরিঞ্জা পর্যটন নামক স্থানে ঢালু পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতিরোধ করতে না পেরে ট্রাকটি রাস্তার পাশের কামাল হোসেনের দোকানের উপর দিয়ে গড়িয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় দোকানের অবস্থানরত দোকান মালিক তার পরিবারের সদস্য ও ক্রেতারা দুর্ঘটনার কবলে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকের ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলার জমজম হাসপাতালে নেয়া হয়েছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ ও লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
