চট্টগ্রাম বন্দর

শিপিং এজেন্টদের ডেমারেজ আদায় নিয়ে জটিলতা কাটেনি

আপডেট : ০২ জুন ২০১৬, ১০:৪৮
চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কন্টেইনারে বিভিন্ন রেটে শিপিং এজেন্টদের ডেমারেজ (ক্ষতিপূরণ) চার্জ আদায় নিয়ে জটিলতা কাটেনি। আমদানিকারকদের পক্ষে বিভিন্ন রেটে অতিরিক্ত ডেমারেজ চার্জ আদায়ের অভিযোগ পরীক্ষা করে একক রেট নির্ধারণে একটি কমিটি গঠিত হলেও গত কয়েক বছরে বিষয়টির সুরাহা হয়নি। একমত হতে পারেননি আমদানিকারক ও শিপিং এজেন্টরা।
 
শতভাগ রপ্তানিযোগ্য তৈরি পোশাকের কাঁচামাল আমদানিকারক হিসেবে বিজিএমইএ’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আমদানি পণ্যের কন্টেইনারের উপর বিদেশি জাহাজের মেইন লাইন অপারেটরের (এমএলও) পক্ষে শিপিং এজেন্টরা ফ্রি টাইম পরবর্তী ৭ দিনের জন্য পণ্য ডেলিভারির ক্ষেত্রে বিভিন্ন রেটে উচ্চহারে অর্থ আদায় করছে। এর মধ্যে মার্কস লাইন নিচ্ছে ৯ ডলার, জিপি শিপিং নিচ্ছে ১০ ডলার, এপিএল নিচ্ছে ৯ ডলার করে।