আমরা কী খাচ্ছি?

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৪৩

বিশুদ্ধ খাদ্য সুস্থ ও সমৃদ্ধশালী জাতি গঠনে অপরিহার্য। বাংলাদেশে বিশুদ্ধ খাবারপ্রাপ্তি যে কত কঠিন, তা সবারই কমবেশি জানা। কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার দেশের খাদ্য নিরাপত্তা একেবারে হুমকির মুখে ফেলে দিয়েছে।

খাদ্যপণ্যে ভেজালের কারণেই ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেইলিওর, হূদযন্ত্রে অসুখ, হাঁপানি—এগুলো বেড়ে যাচ্ছে। একটি জরিপে দেখা গেছে, শুধু ভেজাল খাবারের কারণে দেশে প্রতি বছর প্রায় তিন লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিসে আক্রান্তের  সংখ্যা এক লাখ পঞ্চাশ হাজার, কিডনি রোগে আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ। এছাড়া গর্ভবতী মায়ের শারীরিক জটিলতাসহ গর্ভজাত বিকলাঙ্গ শিশুর সংখ্যা প্রায়  পনেরো লাখ।

কিসে নেই ভেজাল ও বিষ? বাজারের কলা, আম, পেঁপে, পেয়ারা থেকে শুরু করে আপেল, আঙ্গুর, নাশপাতি—দেশি-বিদেশি প্রায় সব ফলেই মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। অপরিপক্ব ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড এবং তা উজ্জ্বল করার জন্য অধিক ক্ষারজাতীয় টেক্সটাইল রং ব্যবহার করা হচ্ছে অবাধে। আবার দীর্ঘ সময় সতেজ রাখতে মেশানো হচ্ছে ফরমালিন। ফরমালিন ব্যবহারে পাকস্থলীর ক্যান্সার, দৈহিক বৈকল্য এমনকি প্রাণহানিও ঘটতে পারে।

এটি বর্তমানে জাতীয় সমস্যা—সেহেতু কঠোর হাতে প্রতিরোধ করা বাঞ্ছনীয়। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. হারুনুর রশিদ

প্রশাসনিক কর্মকর্তা, টাঙ্গাইল