ট্রিম্যান নামের ঢাকা মেডিক্যালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিত্সাধীন আবুল বাজানদারের জন্য সৌভাগ্যের বরপুত্র হিসাবে আবির্ভূত হয়েছেন তারই চিকিত্সকদলের অন্যতম সদস্য বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম ইউ কবীর চৌধুরী।
চিকিত্সার প্রাথমিক পর্যায়ে গত ফেব্রুয়ারিতে তিনি জানতে পারেন ট্রিম্যান আবুল বাজানদার অতিশয় দরিদ্র। খুলনার পাইকগাছার সরলগ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেয়া বিরল রোগে আক্রান্ত যুবকটির মাথা গুজবার মত কোন যায়গা নেই। এ তথ্যটি জেনে অধ্যাপক চৌধুরী শুধু চিকিত্সা নয়, জীবন গড়ার সংগ্রামেও বাজানদারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। আশ্বস্ত করেন তাকে একখণ্ড জমি ক্রয় করে দেবেন তার নিজ এলাকায়। সেই প্রতিশ্রুতি মোতাবেক গত মঙ্গলবার ট্রিম্যান আবুল বাজানদারের হাতে তুলে দেন ৬ লাখ টাকা মূল্যের ৩ কাঠা জমির বায়না দলিল। পাইকগাছার সরলগ্রামেই কেনা হয়েছে এ জমি। জমির দলিল পেয়ে ট্রিম্যান আবুল বাজাদারের চোখে-মুখে ফুটে ওঠে হাসি।
ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, ঢাকা মেডিক্যালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার, প্লাস্টিক সার্জন অধ্যাপিকা ডা. রায়হানা আউয়াল এবং ট্রিম্যান আবুল বাজানদারের পিতা ও সহধর্মিণী এ সময় উপস্থিত ছিলেন।
