কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০২ জুন ২০১৬, ১২:৩৪
 
কুমিল্লায় জাকির হোসেন নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার সাতোরা-ধর্মপুর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত জাকির হোসেন চম্পকনগর গ্রামের আবদুল মমিনের ছেলে।
 
জানা যায়, রাতে ডিবির একটি দল আদর্শ সদর উপজেলার সাতোরা ও চম্পকনগর এলাকায় অভিযান চালানোর সময় জাকির হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে পুলিশ তার ঘর থেকে দুইটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
 
বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে এসআই শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া জাকির হোসেন জেলা পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। সে অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।