কর্মজীবী মায়ের জন্য জরুরি ডে কেয়ার সেন্টার

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৪৬

আমাদের দেশের প্রায় প্রতিটি কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে আছে নিজ নিজ কর্মদক্ষতায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কোথাও নেই মানসম্মত দিবাযত্ন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টার, যেখানে কর্মজীবী মা তাঁর সন্তানকে রেখে নিশ্চিন্তে দাপ্তরিক কাজ সামলাতে পারেন। ‘মা’ যত মেধাবী কর্মকর্তাই হোন না কেন, নিজ সন্তানকে অরক্ষিত রেখে কোনোভাবেই তিনি কর্মক্ষেত্রে নিজের সেরা সেবাটা দিতে পারবেন না। বর্তমানে নারীদের প্রতিষ্ঠিত হতে যে সময়টা লাগে তাতে করে চিকিত্সকদের মতে, মা হবার উপযুক্ত বয়সটা পেরিয়ে যায়। তাছাড়া তরঙ্গচালিত নানাবিধ যন্ত্রপাতি ব্যবহারের ফলে সন্তানধারণ ক্ষমতা বহুলাংশে হ্রাস পাচ্ছে। এ অবস্থায়, দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিত্সার মাধ্যমে সন্তান জন্ম দিচ্ছেন অনেক নারী। অধিকাংশ শিক্ষিত পরিবারেই মা-বাবা দুজনেই কর্মজীবী, সেক্ষেত্রে সন্তান সামলাতে গিয়ে ক্যারিয়ার বিসর্জনের কোপটা নারীর কাঁধেই বর্তায়। শহরে একক পরিবারের সংখ্যা বেশি আর নারী গৃহকর্মীদের বড় অংশ গার্মেন্টসমুখী হওয়াতে শহরের শিক্ষিত পরিবারে নারীদের একটা বড় অংশ সন্তান সামলাতে ক্যারিয়ার বিসর্জন দিতে বাধ্য হচ্ছেন। অথচ এমনটা হবার কথা নয়। পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই রয়েছে মানসম্মত দিবাযত্ন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টার, যেখানে মায়েরা সন্তানদের রেখে নিশ্চিন্তে দাপ্তরিক কাজ সামলান। আমাদের দেশ বর্তমানে উন্নয়নের তীব্র স্রোতে ধাবমান। এই স্রোতে যদি দিবাযত্ন কেন্দ্র শামিল হয় তবে নারীদের অগ্রযাত্রায় আর কোনো বাধা থাকবে না। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।

এম আই এইচ হীরা

ঢাকা