গোবিন্দগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০১৬, ১৫:৫৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে আসন্ন নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ দেখতে গিয়ে নিখোঁজ আব্দুল খালেকের (৫০) লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। মৃত. আব্দুল খালেক  গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের হরিপুর গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ওই ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
এদিকে ওই সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের নির্বাচনী অফিস ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আলম বুলবুলসহ তার কর্মী-সমর্থকরা বুধবার রাতে খামারপাড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন সর্দার ও তার কর্মী-সমর্থকদের মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ ঘটনা দেখতে গিয়ে নিখোঁজ হন আব্দুল খালেক। রাতে তার পরিবারের লোকজন হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খোঁজখবর করে তার কোনো সন্ধান পাননি। সকালে স্থানীয়রা খামারপাড়া এলাকার একটি জমিতে কাঁদামাখা অবস্থায় আব্দুল খালেকের লাশ পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে।
 
এদিকে আওয়ামী প্রার্থী তোফাজ্জল হোসেন সরদারের দাবি, নিহত আব্দুল খালেক তার সমর্থক ছিলেন। ওই সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘আব্দুল খালেক আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়া তার মৃতদেহে কোনো ক্ষত চিহ্ন ছিল না। মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায়  মামলা হয়েছে।’
 
উল্লেখ্য, আগামী ৪ জুন সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।