বেনাপোল-হরিদাসপুর স্থলবন্দরে হয়রানি

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৪৬

বেনাপোল-হরিদাসপুর স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের ব্যস্ততম বন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে হাজার হাজার মানুষ চিকিত্সা, ব্যবসা, লেখাপড়া ও সেমিনারে অংশগ্রহণের জন্য ভারতে যান। দুই বন্ধুপ্রতিম দেশে যাতায়াতের সুবিধার জন্য ঢাকা-কলকাতা সরাসরি বাস ও ট্রেন সার্ভিস চালু করা হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু অতীব দুঃখের বিষয়, বাসের যাত্রীদের হাতব্যাগ ও ল্যাগেজ পরিবহনের নামে উভয় বন্দরে দালালদের দৌরাত্ম্য পরিলক্ষিত হয়। টাকা-পয়সা না দিলে ব্যাগ ও লাগেজ আটকে রাখা হয়। এছাড়াও কিছু সংখ্যক বন্দর কর্মকর্তা ও কর্মচারীকে টাকা-পয়সা না দিলে পাসপোর্ট আটকের নামে হয়রানি করা হয়ে থাকে। এর প্রতিকারে আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা